জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তৎকালীন উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, প্রতিবেদনটি বর্তমানে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, পর্যালোচনা শেষে খুব শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করা হবে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল, সাবেক বিচারপতি এবিএম নিজামুল হক মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম. জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ মোট আটজন।
প্রসিকিউশনের ভাষ্য, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিয়েছেন। এখন তা পর্যালোচনার পর আনুষ্ঠানিক অভিযোগ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।

ডেস্ক রিপোর্ট 

























