শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি বড় হয়ে এসে সেই সাফল্য ধরে রাখতে না পারলেও আলোচনা ও সমালোচনায় রয়েছেন সবসময়। বিশেষ করে ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার নাম জড়িয়ে গিয়েছিল প্রেমের গুঞ্জনে। বিষয়টি নিয়ে আগেও মুখ খুলেছিলেন তিনি। আফ্রিদি বিয়ের পিঁড়িতে বসার পর গুঞ্জনে ভাটা এলেও সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার হওয়া ও নানা আলোচনায় ফের আলোচনায় উঠে আসে তার নাম।
সম্প্রতি এক অনুষ্ঠানে তৌহিদ আফ্রিদির সঙ্গে পরিচয়ের প্রসঙ্গ টেনে দীঘি জানান, মাই টিভির একটি প্রোগ্রামে প্রথম পরিচয় হয় তাদের। তখনই বিষয়টি ভাইরাল হয়ে যায়, যা তাদের কেউই আশা করেননি। এসময় শোবিজ অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ায় তাদের পরিবার বিব্রত বোধ করে। দীঘির ভাষায়, অযাচিত এই আলোচনা তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছিল। এমনকি এক সময় তারা এক থেকে দেড় বছর ঠিকমতো কথা বলেননি, দেখা-সাক্ষাতও বন্ধ করে দিয়েছিলেন।
তবে আফ্রিদিকে সবসময় ভালো বন্ধু হিসেবেই অভিহিত করেছেন দীঘি। তার মতে, বন্ধুত্বের কোনো সময়সীমা নেই। সম্পর্কের গুঞ্জন ছড়ালেও বাস্তবে সেটি মনগড়া এবং অতিরঞ্জিত। এর আগে আফ্রিদিকে ঘিরে গুঞ্জনের পাশাপাশি মাহিমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গেও দীঘির ঘনিষ্ঠতার ছবি প্রকাশিত হয়েছিল। যদিও সেই সম্পর্ককেও বন্ধুত্ব বলেই দাবি করেছেন এ অভিনেত্রী।
সব মিলিয়ে দীঘি আবারও স্পষ্ট করলেন, তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের কোনো সম্পর্ক ছিল না, কেবল বন্ধুত্বই ছিল এবং আছে।

ডেস্ক রিপোর্ট 

























