রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে ডাকাতি মামলার জেরে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যার আগে পাট্টা বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন পাট্টা জোনা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সমর কুমার দাস (৭৫)। বর্তমানে তিনি কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এলাকাবাসী জানায়, ১ নভেম্বর রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাতরা সমর কুমার দাসের বাড়িতে হানা দিয়ে এক লাখ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে। একই রাতে পাশের মাজাই গ্রামে চানাচুর ব্যবসায়ী অখিল প্রামাণিকের বাড়িতেও ডাকাতি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর জিডির ভিত্তিতে তদন্তে নেমে বুধবার দুই সন্দেহভাজন ফরহাদ হোসেন সোহাগ ও অসীম বালা অসিতকে গ্রেপ্তার করা হয়। এর জের ধরে বিকেলে বাজারে হামলার শিকার হন শিক্ষক সমর দাস।

ভুক্তভোগীর স্ত্রী জয়শ্রী রানী দাস বলেন, “বিকেলে আমার স্বামী ডাক্তার দেখাতে গিয়েছিলেন। তখন ৫-৬ জন যুবক রড ও হাতুড়ি নিয়ে হঠাৎ হামলা করে। তারা বলছিল, কেন তাদের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অতীশ দীপংকর জানান, সমর দাসের পা, হাঁটু, কাঁধ ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা কিছুটা উন্নতি হলেও ব্যথা রয়ে গেছে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “অভিযোগ করার কারণে শিক্ষক সমর দাসের ওপর হামলা হয়েছে বলে শুনেছি। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। আমরা হামলাকারীদের গ্রেপ্তারে চেষ্টা করছি।”