বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চায় না বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক ও মনোযোগী থাকার আহ্বান জানিয়েছেন।
ভারতের নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনামূলক সম্পর্ক চায় না। তবে তিনি যোগ করেন, ভারত যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম, যদিও দেশের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট-এর শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

