রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মঞ্চে এবার অভিনব প্রচারকৌশল গ্রহণ করেছেন জিএস প্রার্থী সালাহউদ্দিন আম্মার। প্রচারপত্রে দেখা যায়, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখ বন্ধ করে মুখে ফোকলা হাসি, হাতে ভোটের বাক্স ধরে দাঁড়িয়ে আছেন। তিনি বক্তব্য দিচ্ছেন, ‘ছেলেটার জন্য আজ আমি ভালো আছি, শ্বশুরবাড়িতে। সবাই ওরে ভোট দিও।’

প্রচারপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সালাহউদ্দিন আম্মার রাকসু জিএস পদপ্রার্থী এবং তার ব্যালট নং-০৯। শিক্ষার্থীরা বলছেন, এ যেন স্বয়ং স্বৈরাচারী শেখ হাসিনা সালাহউদ্দিনের পক্ষে ভোট চাইছেন।

সালাহউদ্দিন আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রাখেন। সেই সময় রাজপথে মাইক হাতে তার দরাজ কণ্ঠে নেতৃত্ব দেওয়ার দৃশ্য এখনও শিক্ষার্থীদের মনে তাজা। তার প্রচারপত্রে শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ছবি শুধু দৃষ্টি আকর্ষণ করতেই নয়, এটি আন্দোলনের স্মৃতি স্মরণ করানোর উদ্দেশ্যেও তৈরি করা হয়েছে।

এ বিষয়ে সালাহউদ্দিন বলেন, ‘শেখ হাসিনার পালানোতে আমরা খুশি। আমরা চাই, ছাত্রের জায়গা থেকেই ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করব। এখানে “ছেলেটা” বলতে শুধু আমাকে বোঝানো হয়নি, আন্দোলনে থাকা প্রত্যেক সদস্যকেই বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা এটা খুবই ভালোভাবে নিচ্ছে।’