বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মহারণকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে ম্যাচ শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে রেফারিং। চলতি বিশ্বকাপে একের পর এক বিতর্কের মাঝেই এই গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব পেয়েছেন পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরো।
ফিফার ঘোষণায় জানা গেছে, কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে মূল রেফারি থাকবেন পিনহেইরো। এবারের বিশ্বকাপে তিনি এর আগে সুইজারল্যান্ড–বসনিয়া এবং কানাডা–দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিচালনা করেছেন। তবে এবারই প্রথম আর্জেন্টিনার কোনো ম্যাচে বাঁশি বাজাবেন এই পর্তুগিজ কর্মকর্তা।
ইউরোপিয়ান ফুটবলে পরিচিত মুখ জোয়াও পিনহেইরো। ২০১৬ সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত দায়িত্ব পালন করছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপসহ ইউরোপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার।
তবে অভিজ্ঞতার পাশাপাশি বিতর্কও রয়েছে এই রেফারির ক্যারিয়ারে। গত মৌসুমে বায়ার্ন মিউনিখ ও পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে বায়ার্নের একটি পেনাল্টির জোরালো আবেদন নাকচ করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এমনকি ভিএআর থেকেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো নির্দেশনা না আসায় সেই ম্যাচ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচে পিনহেইরোর সহকারী হিসেবে থাকবেন ব্রুনো জেসুস ও লুসিয়ানো মাইয়া। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন কানাডার ড্রু ফিশার।
বিশ্বকাপের নকআউট পর্বে একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য। তাই দুই দলের পাশাপাশি এবার নজর থাকবে রেফারিং দলের প্রতিটি সিদ্ধান্তের দিকেও।

ডেস্ক রিপোর্ট 






















