আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।
তিনি জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে ভোট দিলে তার সংসদ সদস্য পদ হারানোর বিধান রয়েছে।
নূরুল ইসলাম মনি আরও জানান, জাতীয় সংসদ ভবনেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের উপস্থিতিতে ভোট হবে। গণমাধ্যমের উপস্থিতিতে ভোটগ্রহণের কার্যক্রম পরিচালনা করা হবে এবং ফলাফল ঘোষণা পর্যন্ত সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে।
ইসির তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ডেস্ক রিপোর্ট 























