ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পরিবারের সদস্য ও সহকর্মীরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহিদুল আলম বলেন,
“প্রথমেই বলতে চাই, এখনো গাজা মুক্ত হয়নি। তাই গাজা নিয়ে আমাদের সংগ্রাম শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
তিনি দেশবাসী, অন্তর্বর্তী সরকার, তুরস্ক সরকার এবং তুর্কি এয়ারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
ইসরায়েলিদের বর্বর আচরণের নিন্দা জানিয়ে শহিদুল আলম বলেন,
“আমাকে আটক করার সময় বাংলাদেশি পাসপোর্ট দেখে ইসরায়েলি সেনারা ক্ষিপ্ত হয়ে যায় এবং সেটি মাটিতে ছুড়ে ফেলে দেয়। এমন অপমান সহ্য করা যায় না।”
উল্লেখ্য, ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা বন্ধ ও গাজার নৌ অবরোধ ভাঙার উদ্দেশ্যে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর সঙ্গে গাজা অভিমুখী নৌযাত্রায় অংশ নিয়েছিলেন শহিদুল আলম। গত ৮ অক্টোবর ইসরায়েলি বাহিনী ওই বহরে আক্রমণ করে এবং তাকে গ্রেফতার করে কেৎজিয়েত কারাগারে নেয়।
বাংলাদেশ সরকার জর্ডান, মিসর ও তুরস্কের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে তার মুক্তি নিশ্চিত করে। শহিদুল আলমের মুক্তিতে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

