টানা বর্ষণে জলাবদ্ধ রাজধানী। আর সেই দুর্ভোগের প্রভাব পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানেও। বৈরি আবহাওয়া ও সড়কে পানি জমে যাওয়ায় ঢাকার বিভিন্ন স্কুল ও কলেজে অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনী এবং বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা জানিয়েছেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা স্থগিতের বিষয়ে পরামর্শ চেয়েছিল। পরিস্থিতি বিবেচনায় রাজধানীর বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরীক্ষা স্থগিত করেছে। নবাবগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানও রোববারের পরীক্ষা বাতিল করেছে।

পরীক্ষা স্থগিত হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিল্লাত হাই স্কুল, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়, মিরপুরের সিদ্ধান্ত হাইস্কুল, মতিঝিল কলোনি হাইস্কুল এবং গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজ।

কোনো কোনো প্রতিষ্ঠান সকালে পরীক্ষা নিলেও দুপুরের পরীক্ষা স্থগিত করেছে। আবার অনেক প্রতিষ্ঠান দিনের সব পরীক্ষাই বাতিল করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচি পরে জানিয়ে দেওয়া হবে।