২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে আসছে বড় পরিবর্তন। শিক্ষার্থীদের জন্য ত্রুটিমুক্ত, মানসম্মত এবং আরও আকর্ষণীয় বই প্রস্তুতের ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, নতুন বইয়ে বানান ভুল, অপ্রাসঙ্গিক বিষয়বস্তু কিংবা নিম্নমানের মুদ্রণের কোনো সুযোগ রাখা হবে না। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে একাধিক ধাপে পাণ্ডুলিপি যাচাই-বাছাই করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, শুধু পাঠ্যবস্তুর মান নয়, বইয়ের কাগজ, মুদ্রণ, প্রচ্ছদ এবং ভেতরের ছবির মানও উন্নত করা হবে। শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়াতে বইগুলোকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামত নিয়ে চারটি নতুন পাঠ্যপুস্তকের পাণ্ডুলিপি চূড়ান্ত করা হবে। পাশাপাশি ২০২৭ সালের বইয়ের কাজ শেষ হওয়ার পরই আগামী ১ আগস্ট থেকে ২০২৮ সালের পরিমার্জিত শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক তৈরির কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রীর ভাষায়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আধুনিক, আনন্দময় ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।

