যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে মিলেছে ইতিবাচক খবর। চলতি বছরের প্রথম পাঁচ মাসে মোট রপ্তানি কিছুটা কমলেও, মে মাসে প্রবৃদ্ধিতে ফিরেছে দেশের পোশাক খাত।

ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল—ওটেক্সার সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ৫৮ কোটি ২০ লাখ ডলারে পৌঁছেছে।

এই প্রবৃদ্ধির ফলে ২০২৬ সালের প্রথম পাঁচ মাসেও যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক সরবরাহকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।

খাতসংশ্লিষ্টরা বলছেন, মার্কিন ক্রেতাদের একটি অংশ চীনের পরিবর্তে বিকল্প উৎস হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়ায় এই ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। তবে চীন থেকে সরে আসা সব ক্রয়াদেশ এখনো বাংলাদেশের দখলে আসেনি। সেই সুযোগ কাজে লাগাতে উৎপাদন সক্ষমতা, প্রতিযোগিতামূলক মূল্য এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।