রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক তিনটি স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দিলে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে প্রথম ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে বেলা ১১টার দিকে শাহবাগ এলাকার আরও দুটি স্থান থেকে অচেতন অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নিহতদের কারও পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তারা ভবঘুরে হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।