জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত থাকবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ জন্য যেকোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে গণনা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, অমানবিক পরিশ্রম করেই এ কাজটি করতে হচ্ছে। একটি অভিযোগের ভিত্তিতে মেশিনে গণনার প্রক্রিয়া স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে তিনি জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিশ্ববিদ্যালয়গুলো অগ্রণী ভূমিকা রাখছে এবং জাকসু নির্বাচনের মাধ্যমেই তা প্রতিফলিত হচ্ছে।
অধ্যাপক কামরুল আহসান বলেন, তিনি ব্যক্তিগতভাবে জাকসু সভাপতি হিসেবে অবস্থান করছেন। শারীরিকভাবে কোনো সহযোগিতা দিতে না পারলেও হৃদয় দিয়ে সবার পাশে আছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের যেকোনো প্রয়োজন পূরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বক্ষণিক সহযোগিতা করবে। লজিস্টিক সাপোর্ট দেওয়ার বিষয়েও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ভোট গণনা চলবে বলে উপাচার্য জানান।
এর আগে গতকাল (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১ হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুরুতে ওএমআর মেশিনে গণনার কথা থাকলেও সরবরাহ নিয়ে ছাত্রদল ও শিবিরের পারস্পরিক দোষারোপের পর হাতে ব্যালট গণনার সিদ্ধান্ত হয়। রাত ১০টার পর সিনেট ভবনে সব প্রস্তুতি শেষে গণনা শুরু হয়।
