অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বব্যাপী ক্ষুধা ও অভাবের মূল কারণ সম্পদের অভাব নয়, বরং এটি মানুষের তৈরি অর্থনৈতিক কাঠামোর ব্যর্থতার ফল। তিনি ক্ষুধা দূরীকরণের চেয়ে অস্ত্রখাতে বিশ্বের বিপুল ব্যয়কে ‘নৈতিক ব্যর্থতা’ হিসেবেও আখ্যা দিয়েছেন।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তা হিসেবে ভাষণ দিতে গিয়ে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, “২০২৪ সালে বিশ্বে ৬৭৩ মিলিয়ন মানুষ ক্ষুধার্ত ছিল, অথচ আমরা পর্যাপ্ত খাদ্য উৎপাদন করি। এটি উৎপাদনের ব্যর্থতা নয়— এটি অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা, এটি এক নৈতিক ব্যর্থতা।”

ড. ইউনূস বিশ্বের সামরিক ব্যয়ের সঙ্গে ক্ষুধা মোকাবিলায় প্রয়োজনীয় তহবিলের তুলনা টেনে আরও বলেন, “আমরা যখন ক্ষুধা দূর করতে কয়েক বিলিয়ন ডলারও জোগাড় করতে পারিনি, তখনই বিশ্ব অস্ত্রের পেছনে ব্যয় করেছে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার।”

তার এই বক্তব্য বিশ্ব নেতাদের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে এবং ক্ষুধা নির্মূলে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কারের প্রয়োজনীয়তার ওপর নতুন করে জোর দিয়েছে।