বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি প্রেস বিজ্ঞপ্তিকে ভুয়া, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি।
শুক্রবার (১৪ আগস্ট) প্রচারিত ওই প্রেস বিজ্ঞপ্তিটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি বলে জানিয়েছে দলটি। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো স্বার্থান্বেষী মহল তাঁর স্বাক্ষর জাল করে ১৪ আগস্ট ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে।
রিজভীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর স্বাক্ষরযুক্ত ওই বিজ্ঞপ্তি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি বলেও জানান তিনি।
দলের নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, তাঁর স্বাক্ষর জাল করে প্রচারিত প্রেস বিজ্ঞপ্তি নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন। একই সঙ্গে এ ধরনের ভুয়া তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় কোনো প্রেস বিজ্ঞপ্তি বা বার্তার সত্যতা নিয়ে সন্দেহ থাকলে তা যাচাই করে নেওয়া উচিত।

ডেস্ক রিপোর্ট 




















