স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ নিয়ে গুরুত্বপূর্ণ এক নজির স্থাপন করলেন হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয়—এমন তালাকের অজুহাতে ভরণপোষণ বা দেনমোহরের দায় এড়ানোর সুযোগ নেই।

সম্প্রতি বিচারপতি আবদুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ দেওয়া এক রায়ে বলা হয়েছে, আইনগতভাবে প্রমাণিত নয় বা কার্যকর হয়নি—এমন তালাক দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ কিংবা দেনমোহরের ডিক্রি বাস্তবায়ন বন্ধ করা যাবে না।

রায়ে আদালত আরও বলেন, নাবালক সন্তানের ভরণপোষণ কোনোভাবেই মা-বাবার তালাক সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়। এটি শিশুর একটি স্বতন্ত্র ও স্বাধীন আইনগত অধিকার, যা নিশ্চিত করা অভিভাবকদের দায়িত্ব।

হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী, পারিবারিক বিরোধ বা তালাক নিয়ে আইনি জটিলতার কারণে সন্তানের মৌলিক অধিকার ক্ষুণ্ন হতে পারে না। শিশুর ভরণপোষণ নিশ্চিত করা আইন ও ন্যায়বিচারের অপরিহার্য অংশ।

আইনজীবীদের মতে, এই রায় ভবিষ্যতে পারিবারিক আদালতে ভরণপোষণ ও দেনমোহর-সংক্রান্ত মামলাগুলোর নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হবে এবং নাবালক সন্তানের অধিকার সুরক্ষায় একটি তাৎপর্যপূর্ণ নজির হয়ে থাকবে।