এবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য যে গণভোট হবে, সেখানে তাঁর দলসহ আট দল সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ বলবে। জনগণকেও গণভোটে ‘হ্যাঁ’ বলার জন্য উদ্বুদ্ধ করা হবে। আজ রোববার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলনরত আট দল এই যৌথ সংবাদ সম্মেলন করে। এর আগে বেলা ১১টায় আল ফালাহ মিলনায়তনে আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। এরপর সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, আট দল শুরু থেকেই সংস্কারের পক্ষে। কিন্তু গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের অনেক বিষয়ে একটি দল বিরোধিতা করেছে। তাই জাতিকে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সরকারও যেন আগে কী ছিল, নতুন করে কী কী সংস্কার হচ্ছে, সেটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উন্মুক্ত করে, প্রচারপত্র বিলি করে, জাতীয় প্রচারমাধ্যমে প্রচার করে জনগণকে জানায়।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অনলাইনে একটি দলের কর্মী বাহিনী আগে থেকেই গণভোটে ‘না’-এর পক্ষে প্রচার চালাচ্ছে। এর মাধ্যমে কারা সংস্কারের পক্ষে নেই, সংস্কারের বিরোধিতা করছে, জাতি তাদের চিনতে পারল। গোটা জাতি সংস্কারের পক্ষে। যারা এর বিপক্ষে যাবে, জাতি নিশ্চয়ই তাদের প্রত্যাখ্যান করবে। আগের যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, তিনজন উপদেষ্টা সরকারপ্রধানকে ভুল তথ্য দিচ্ছেন। তাঁরা একটি দলের হয়ে কাজ করছেন।
সেই তিনজন উপদেষ্টা কারা, সে বিষয়ে আজ জানতে চাইলে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তাঁদের বিষয়ে তথ্যপ্রমাণ আট দলের কাছে। প্রয়োজন হলে সেগুলো সময়মতো সামনে আনা হবে। সরকার যেন এ বিষয়ে সজাগ থাকে। প্রধান উপদেষ্টা যেন তাঁর নিরপেক্ষ ভূমিকা বজায় রাখেন। আট দলের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, আট দলের লিয়াজোঁ কমিটি আছে। শীর্ষ নেতাদের পক্ষ থেকে তাদের দায়িত্ব দেওয়া আছে। তারা আলোচনা করে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে। দলগুলোর সব দাবি পূরণ হয়নি। এ জন্য আন্দোলন চলমান থাকবে।
আরেক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, আট দলের কর্মসূচির কারণে জাতীয় নির্বাচন প্রভাবিত হবে না। বরং এই আন্দোলনের কারণে সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গণভোটে যাচ্ছে। এটা আন্দোলনেরই ফসল। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতেই এই আন্দোলন ভূমিকা রাখবে। গতকাল চাঁপাইনবাবগঞ্জে এক অনুষ্ঠানে ‘জনগণকে ধোঁকা দিচ্ছেন কেন’—জামায়াতের উদ্দেশে এমন প্রশ্ন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভালো হয়ে যান।
এ বিষয়ে জামায়াতের প্রতিক্রিয়া জানতে চাইলে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, ‘উনি যা বলেছেন, আমাদের ৮ দলের একই কথা ওনার জন্য প্রযোজ্য। এটা ওনাকে অনুরোধ করছি।’ চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণা উপলক্ষে আট দল কোনো কর্মসূচি দেবে কি না, জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, আট দল ফ্যাসিবাদবিরোধী আগের কর্মসূচিগুলোর সময় মাঠে ছিল। আগামীকালও তারা মাঠে থাকবে। কোনো নাশকতা করতে দেওয়া হবে না।

ডেস্ক রিপোর্ট 



















