জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপিকে উদ্দেশ করে কড়া মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি—এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, এনসিপি আন্দোলনে না নামলে বিএনপির নেতাকর্মীরা এখনও কারাগারেই থাকতেন।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ‘আমরা যদি গণঅভ্যুত্থানে না নামতাম, বিএনপির লোকজন জেলখানায় বসে পাতলা ডাল খেত।’
সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, সংস্কারের নামে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তার ভাষ্য, দেশের মানুষ এই প্রতারণার বিরুদ্ধে আবারও রাজপথে নামবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, তাদের দল রাষ্ট্র সংস্কার, বিচার নিশ্চিতকরণ এবং টেন্ডারবাজিসহ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে।
সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সাদিয়া ফারজানা দিনা, সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবসসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

