জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় কুমিল্লায় পুলিশ সুপার ও ছাত্রদল নেতার কথোপকথন ঘিরে সৃষ্টি হয়েছে আলোচনা।
সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পরও ফ্যাসিবাদ-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এর জবাবে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এটি রাজনৈতিক বক্তব্য দেওয়ার মঞ্চ নয়। তিনি বলেন, ‘ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি। তথ্যভিত্তিক কথা বলুন।’
পরে আবারও বক্তব্য দেন ছাত্রদল নেতা। তিনি অভিযোগ করেন, তথ্য দেওয়ার পরও অনেককে গ্রেপ্তার করা হচ্ছে না। উত্তরে পুলিশ সুপার বলেন, ব্যক্তিগত বিরোধ থেকেও অনেককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া হচ্ছে।
এ সময় পুলিশ সুপার আরও বলেন, গত ৫ আগস্টের পর পুলিশ বাহিনী কঠিন পরিস্থিতি মোকাবিলা করে আবার ঘুরে দাঁড়িয়েছে। দীর্ঘ ১৭ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি সরকারের প্রতি সময় দেওয়ার আহ্বান জানান।
তিনি দাবি করেন, বিভিন্ন মামলার বিচারিক কার্যক্রম চলছে এবং নিজেও অতীতে একাধিক মামলায় চার্জশিট দিয়েছেন।
কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় জেলা প্রশাসক, সিটি করপোরেশনের প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 



















