ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঞ্চলে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। তবে এর কারণ কোনো নিরাপত্তা হুমকি নয়, বরং কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় ভয়াবহ বায়ুদূষণ।
ফাইনাল অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির কাছের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এরই মধ্যে পুরো অঞ্চলের বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার, দীর্ঘ সময় খোলা আকাশের নিচে না থাকার এবং ভারী শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বাতাস সবার জন্যই ক্ষতিকর। হাঁপানি বা হৃদরোগীই শুধু নন, সুস্থ মানুষও এর প্রভাব অনুভব করতে পারেন। আর দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনির ভাষ্য, এই বাতাসে শ্বাস নেওয়া যেন ১০টি সিগারেট খাওয়ার সমান।
বায়ুদূষণের প্রভাব ইতোমধ্যে ক্রীড়াঙ্গনেও পড়েছে। খারাপ বায়ুমানের কারণে শিকাগোতে শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের একটি প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ ফাইনাল ঘিরেও উদ্বেগ তৈরি হলেও, এখন পর্যন্ত ম্যাচের সূচিতে কোনো পরিবর্তনের ঘোষণা আসেনি।

ডেস্ক রিপোর্ট 

























