ফুটবল ইতিহাসের এক অমূল্য স্মারক নতুন মালিক পেল। ব্রাজিল কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি নিলামে বিক্রি হয়েছে ৪৯ লাখ মার্কিন ডলারে।

নিলাম প্রতিষ্ঠান সদবিস জানিয়েছে, এটি পেলের বিক্রি হওয়া স্মারকগুলোর মধ্যে সবচেয়ে দামী। মাত্র ১৭ বছর বয়সে এই জার্সি গায়েই সুইডেনের বিপক্ষে ফাইনালে জোড়া গোল করেছিলেন পেলে। সেই ম্যাচে ৫–২ ব্যবধানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জেতে ব্রাজিল। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডও গড়েন তিনি, যা এখনো অক্ষুণ্ন রয়েছে।

এর আগে ২০০৪ সালে একই জার্সিটি নিলামে বিক্রি হয়েছিল ৭০ হাজার ৫০৫ পাউন্ডে। দুই দশকের ব্যবধানে এর মূল্য বেড়েছে কয়েক ডজন গুণ।

তবে ক্রীড়া স্মারকের ইতিহাসে এটিই সর্বোচ্চ দাম নয়। সেই রেকর্ড এখনো ধরে রেখেছে বেসবল কিংবদন্তি বেব রুথের জার্সি, যা নিলামে বিক্রি হয়েছিল ২ কোটি ৪১ লাখ মার্কিন ডলারে।

বিশ্ব ফুটবলের ইতিহাসে পেলের সেই জার্সি শুধু একটি পোশাক নয়, বরং একটি যুগান্তকারী অর্জনের স্মারক।