বিশ্বকাপ ফাইনালে স্পেনকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দেশটির রাজপরিবার। শিরোপার লড়াইয়ে গ্যালারিতে থাকবেন রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা—প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া।
স্পেনের রাজপ্রাসাদ জানিয়েছে, রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালে চার সদস্যের রাজপরিবারই উপস্থিত থাকবেন। সেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল। ম্যাচ শেষে স্পেন কোচ বলেন, গত কয়েক বছরে গড়ে ওঠা দলগত সমন্বয়, পরিকল্পনা ও খেলোয়াড়দের নিবেদনই তাদের এই সাফল্যের মূল ভিত্তি।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে দলটি। পাশাপাশি ছয়টি ম্যাচে ক্লিন শিট রেখে বিশ্বকাপের নতুন রেকর্ডও গড়েছে তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ইউরোপের অন্যতম দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ডেও নাম লিখিয়েছে স্পেন।
এর আগেও গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে স্পেনের ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেছিলেন রাজা ষষ্ঠ ফিলিপ। এবার বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেও দলের পাশে থাকছে পুরো রাজপরিবার।

ডেস্ক রিপোর্ট 

























