এবার ভারতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। চিকিৎসার জন্য বিশেষ বিমানে তাকে চীনে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলে দাবি করেছেন চায়না ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে। তবে এ বিষয়ে চীন সরকারিভাবে কিছু জানা যায়নি এবং এই দাবির সত্যতাও নির্ণয় করা সম্ভব হয়নি। অন্যদিকে, ব্রিক্স সম্মেলন থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা ।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে চীনের ডেমোক্রেসি পার্টির নেতা বলেন, দিল্লিতে জরুরি ভিত্তিতে চীনের প্রেসিডেন্টের চিকিৎসা করেন তার সঙ্গে থাকা চিকিৎসকেরা। তার পরেই তাকে নিয়ে চীনের উদ্দেশে রওনা দেয় বিশেষ বিমান। বেইজিং বিমানবন্দরে ওই বিমান পৌঁছোনোর পরে জিনপিংকে তোলা হয় সামরিক কপ্টারে। সেখান থেকে বেইজিংয়ের ৩০১ নম্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই হয় অস্ত্রোপচার।
ডেমোক্রেসি পার্টির এই নেতার দাবি, ভারতের কোনো হাসপাতালে চিকিৎসা করাতে সম্মত হননি প্রেসিডেন্ট জিনপিং।’ চিকিৎসা করালে তার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ভারতের হাতে চলে যেতে পারে এই আশঙ্কা থেকেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি ওয়ানজুনের।
অন্যদিকে, ব্রিক্স সম্মেলন থেকে ফেরার পরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, অসুস্থতার কারণে চিকিৎসকেদের পরামর্শে তিনি বিশ্রামে আছেন। এই সময়ে কোনো জনসংযোগমূলক কর্মসূচিতে তিনি যোগ দেবেন না। এই সময়ে দেশের প্রতিনিধিত্ব করবেন মন্ত্রিসভার সদস্যরা। তবে ভারত সফরকালেই নাকি দেশে ফেরার পরে তিনি অসুস্থ হয়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি। সূত্র: আনন্দবাজার অনলাইন

ডেস্ক রিপোর্ট 




















