চলতি বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে গোলের নতুন মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের এই কীর্তির পর ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। প্রচলিত ব্রাজিলিয়ান ধারা থেকে বেরিয়ে তিনি বলেছেন, মেসিই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা। ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় কে—এই বিতর্কের শেষ নেই। কারও কাছে শীর্ষে আছেন পেলে, কারও পছন্দ ডিয়েগো ম্যারাডোনা। আধুনিক ফুটবলে এই আলোচনা মূলত ঘুরপাক খায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে।
বিশেষ করে ব্রাজিলে পেলের অবস্থান প্রায় অপ্রতিদ্বন্দ্বী। দেশটির সাবেক ও বর্তমান অধিকাংশ ফুটবলারই তাকে সর্বকালের সেরা হিসেবে বিবেচনা করেন। তবে সেই প্রচলিত মতের বাইরে গিয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। বিশ্বকাপে বুধবার আলজেরিয়ার বিপক্ষে ৩–০ গোলের জয়ে একাই হ্যাটট্রিক করেন মেসি। তার তিন গোলের সুবাদে বিশ্বকাপে মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬–তে, যা যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলের রেকর্ড। এই পথে তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি গার্ড মুলার ও ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিওকে। তবে ব্যক্তিগত অর্জন নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত নন মেসি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ক্লোসা ও রোনালদোর মতো খেলোয়াড়দের পাশে থাকা অবশ্যই সম্মানের। এমন তালিকায় থাকলে ভালো লাগে। এমবাপ্পেও সেখানে আছে, ও আজ দুটি গোল করেছে। কিন্তু শেষ পর্যন্ত এগুলো শুধু পরিসংখ্যান, এর বেশি কিছু নয়।’
মেসি আরও বলেন, ‘তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সম্মানের। তবে এর আলাদা কোনো মানে নেই। যে রোনালদোকে আমি খেলতে দেখেছি, আমার কাছে তিনি ইতিহাসের অন্যতম সেরা। অথচ তিনিই এই তালিকার শীর্ষে নেই। তাই এগুলো শুধু সংখ্যার হিসাব মাত্র।’ আর্জেন্টাইন অধিনায়কের এই সম্মানসূচক মন্তব্যের জবাব দিতে দেরি করেননি রোনালদো নাজারিও। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আর লুকিয়ে না থেকে সত্যটা মেনে নেওয়ার সময় এসেছে। মেসিই সর্বকালের সেরা ফুটবলার।’ রোনালদোর ভাষায়, ‘সে প্রতি মৌসুমে, এমনকি বিশ্বকাপেও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে। এটি একটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক রাত, যা সবসময় ইতিহাসের পাতায় লেখা থাকবে।’ মেসির রেকর্ড ভাঙা প্রসঙ্গে ব্রাজিলের এই কিংবদন্তি বলেন, ‘রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। আর যে এসব রেকর্ড ভাঙছে, তা আর কোনো ফুটবল ভক্তকেই অবাক করে না। এছাড়া আর্জেন্টিনা তো বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন।’

ডেস্ক রিপোর্ট 























