চীনের সঙ্গে ভূরাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় সরকার। রাজধানীর একটি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন’ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে।
মন্ত্রী বলেন, চীনের সঙ্গে শুধু বাণিজ্য নয়, প্রযুক্তি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রেও সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ। বিশেষ করে তরুণদের দক্ষতা উন্নয়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে চায়। একই সঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার নীতিতে সরকার বিশ্বাসী।
তার ভাষায়, পারস্পরিক বাণিজ্য, প্রযুক্তি বিনিময় এবং উন্নয়ন সহযোগিতা বাড়লে বাংলাদেশ ও চীন—উভয় দেশই লাভবান হবে। তাই দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও গভীর করার ওপর জোর দিয়েছেন তিনি।

ডেস্ক রিপোর্ট 


















