জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন।
হাদির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের অকুতোভয় সৈনিক ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন।
ডা. শফিকুর রহমান বলেন, ইনসাফ ও ন্যায়ের পথে দৃঢ়তা, ত্যাগ এবং সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন হাদি। তাঁর এই শাহাদাত পরিবার-পরিজন, সহকর্মী এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন—আল্লাহ যেন তাঁর প্রিয় বান্দাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শাহাদাতের সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দেশবাসীকে ধৈর্য ধারণের তাওফিক দানের জন্য দোয়া করেন তিনি।
শোকবার্তার শেষাংশে তিনি বলেন, “ইনকিলাব জিন্দাবাদ।”

ডেস্ক রিপোর্ট 
























