২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান পরাশক্তি স্পেন মুখোমুখি হচ্ছে বিশ্বসেরার লড়াইয়ে। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গড়াবে এই মহারণ।
ফাইনালের আগে ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা সুপারকম্পিউটার। তাদের বিশ্লেষণে, নির্ধারিত ৯০ মিনিটে জয়ের সম্ভাবনায় কিছুটা এগিয়ে রয়েছে স্পেন। অপ্টার হিসাব অনুযায়ী, স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫ দশমিক ১ শতাংশ, আর আর্জেন্টিনার ২৯ দশমিক ৪ শতাংশ।
তবে ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না সুপারকম্পিউটার। সে সম্ভাবনা ধরা হয়েছে ২৫ দশমিক ৪ শতাংশ।
দুই দলের অতীত লড়াইও বেশ জমজমাট। এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়ে উভয় দলই ৬টি করে ম্যাচ জিতেছে, আর ২টি ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে।
তবে পরিসংখ্যান আর পূর্বাভাস যাই বলুক, বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে মাঠের ৯০ মিনিটেই।

ডেস্ক রিপোর্ট 























