নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জুলাই সনদে এনসিপির সই না করা সবার জন্যই কষ্টের বিষয়। তিনি বলেন, “যুবকরা, শিক্ষার্থীরা এত বড় আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে— তারাই যদি সই না করে, এটা আমাদের কপালে এক ধরনের কলঙ্ক তিলক।”
রোববার জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ মিলনায়তনে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মান্না আরও বলেন, “যারা অভিমান করে সই করছেন না, তাদের বলি— সই করুন। লড়াইটা শেষ হয়নি, বরং শুরু হয়েছে। এই লড়াইকে গুণগত রূপান্তরের দিকে নিতে হবে।”
তিনি বলেন, “তিনটা মেয়াদে ভোট হয়নি, যা ইচ্ছা তাই হয়েছে। এবার ভোট হবে— কতটা ভালো হবে বলতে পারি না। পুলিশ এখনও ভরসা ফিরে পায়নি। জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারলে নির্বাচন আরও ভালো হতো।”
সভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “ফ্যাসিস্ট আমলের আমলাদের কারণে জনগণ প্রত্যাশিত সুফল পায়নি। জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদানে দপ্তরগুলো গড়িমসি করেছে— এটি অগ্রহণযোগ্য।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, অ্যাডভোকেট আকবর হোসেন ও ফেরদৌসী আক্তার প্রমুখ।

