ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে হত্যাকারীদের বিচারের দাবিতে রাজশাহীতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের একপর্যায়ে বুলডোজার ব্যবহার করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত নগর আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙার কাজ শুরু হয়। টানা ভাঙচুর চলে ভোর সাড়ে ৩টা পর্যন্ত।
এর আগে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল বের করে জুলাই মঞ্চ, এনএসিপি এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলগুলোতে ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরল কেনো, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’—এমন নানা স্লোগান দিতে দেখা যায়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে রাজশাহীবাসীকে আন্দোলনে নামার আহ্বান জানান। তিনি লেখেন, রাজশাহীতে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আবার জুলাই নামাতে হবে এবং সবাইকে আলুপট্টি আওয়ামী অফিসের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান।
রাত সাড়ে ১১টার দিকে সাহেব বাজার জিরো পয়েন্টে বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে গিয়ে জড়ো হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও ‘আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থী’ ব্যানারে কর্মসূচিতে যোগ দেন। একপর্যায়ে বুলডোজার দিয়ে মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর শুরু করেন বিক্ষোভকারীরা।

ডেস্ক রিপোর্ট 



















