জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শাহাদাতবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আজ শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের আহ্বান জানিয়েছে জুলাই ঐক্য।
বৃহস্পতিবার রাতে পাঠানো এক বার্তায় জুলাই ঐক্য জানায়, শহীদ ওসমান বিন হাদির স্মরণে দেশের সব মসজিদে বাদ জুমা বিশেষ দোয়া আয়োজন এবং বিভিন্ন স্থানে কফিন মিছিল অনুষ্ঠিত হবে। বার্তায় আরও বলা হয়, “শহীদ ওসমান বিন হাদি আমাদের জুলাইয়ের অস্তিত্ব। আমরা দেশের বিপ্লবী জনগণকে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি।”
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ওই দিন মতিঝিলে জুমার নামাজ আদায় শেষে প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা হন।
পথে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

ডেস্ক রিপোর্ট 






















