বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, কর্মপরিবেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা—আইএলও। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সংস্থাটির মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান হোংবো। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও বেড়েছে। একই সঙ্গে শ্রম খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে আইএলও।
জবাবে প্রধানমন্ত্রী শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন। তিনি আইএলওর ধারাবাহিক সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান।
বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, তৈরি পোশাক খাতের অগ্রগতি, কর্মক্ষেত্রের নিরাপত্তা, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং চলমান শ্রম সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিরাপদ অভিবাসন এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।
বৈঠক শেষে বাংলাদেশে শ্রম খাতের উন্নয়ন, শ্রমিকবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সরকার ও আইএলও ভবিষ্যতেও একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

ডেস্ক রিপোর্ট 
























