ফুটবল আনন্দের, আবেগের। কিন্তু সেই আবেগ যখন জীবনের চেয়েও বড় হয়ে ওঠে, তখন জন্ম নেয় মর্মান্তিক ট্র্যাজেডি। কুষ্টিয়ার ভেড়ামারায় প্রিয় দল আর্জেন্টিনার পরাজয়ের পর আত্মহত্যা করেছেন এক তরুণ সমর্থক। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১৬ দাগ চাষীক্লাব মোড় এলাকায় আর্জেন্টিনার কট্টর সমর্থক সুমন নামে ৩০ বছর বয়সী এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য, বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর থেকেই সুমন গভীরভাবে হতাশ ছিলেন। রাতে বাড়ি ফিরে মোবাইলে খেলা-সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখছিলেন। এ সময় তার স্ত্রী সন্তানদের ঘুমের কথা ভেবে ফোন বন্ধ করে বিশ্রাম নিতে বলেন। এরপর সবার অজান্তেই তিনি আত্মহননের পথ বেছে নেন।
সুমন ছিলেন দুই সন্তানের জনক। তার পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই শিশু সন্তানকে রেখে চলে যাওয়ায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, খেলাধুলা কখনোই জীবনের চেয়ে বড় হতে পারে না। এমন অন্ধ আবেগ থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তারা।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে ভেড়ামারা থানা পুলিশ।
খেলাধুলা বিনোদন ও আনন্দের জন্য, জীবনের বিকল্প নয়। যদি কোনো খেলা, ফলাফল বা অন্য কোনো কারণে কেউ চরম হতাশা, আত্মহত্যার চিন্তা বা মানসিক সংকটে ভুগে থাকেন, তবে পরিবারের সদস্য, বন্ধু বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে দ্রুত কথা বলা অত্যন্ত জরুরি। সময়মতো পাশে দাঁড়ানো একটি জীবন বাঁচাতে পারে।

ডেস্ক রিপোর্ট 



















