ভোলা জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার ঘোষণা দিয়েছে জেলা জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ভোলা জেলা শহরের চিলি হল রুমে পূজা উদযাপন মণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এ ঘোষণা দেন।
সভায় জানানো হয়, জেলার ১১২টি পূজামণ্ডপে (ভোলা সদরে ২৭টি) দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। জামায়াত নেতারা পূজা উৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়ে সভাপতিত্ব করেন ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মো. জাকির হোসেন। বক্তব্য রাখেন নায়েবে আমির ও ভোলা-১ আসনের প্রার্থী অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন, পৌর জামায়াতের আমির জামাল উদ্দিনসহ পূজামণ্ডপের প্রতিনিধিরা।
জামায়াত আমির মাস্টার জাকির হোসেন বলেন, জামায়াতে ইসলাম কখনো হিন্দু সম্প্রদায়ের কোনো কাজে বিরোধিতা করেনি, ভবিষ্যতেও করবে না। নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “আমরা শান্তিপূর্ণ পরিবেশে, সমান অধিকার নিয়ে বসবাস করতে চাই।”
মতবিনিময়ে জেলা পূজা উদযাপন ফ্রন্টের সম্পাদক বেনু পাল জানান, পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে এবং নৌবাহিনী, পুলিশ, র্যাব, কোস্টগার্ড, আনসার বাহিনীর নিরাপত্তা টিম থাকবে। প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করবে বলে তিনি উল্লেখ করেন।
জামায়াত নেতারা জানান, পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে তারা হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবেন।

ডেস্ক রিপোর্ট 

























