এবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, যারা আগে আওয়ামী লীগ করে এখন বিএনপি করতে চান, তাদের না করব না। তবে আসার আগে ক্ষমা চেয়ে নিতে হবে। যেই অত্যাচার আপনারা করেছেন বিএনপি নেতাদের ওপর, তার জন্য আগে ক্ষমা চাইতে হবে।গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইত্যাদি চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।
এদিকে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ৩১ দফা যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের যে মন বড়, আমরা যে মাফ করতে পারি, তার প্রমাণ আমাদের দিতে হবে। যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার চেষ্টা করছে, তাদের নিয়ে আপনারা হাসি-ঠাট্টা করে অনেক কিছু বলেন, হাইব্রিড বলেন। আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব মাফ করা।
তিনি বলেন, সারা বাংলাদেশে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের ওপর মামলা হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হলেও রাঙ্গুনিয়াতে হয়নি। কারণ আমরা জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। তিনি কখনো এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করতেন না। আপনাদের কাছে অনুরোধ, এই গ্রুপিংয়ের রাজনীতি করবেন না। আমরা যারা যারা বিএনপি করি, আমরা সবাই এক পরিবার।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের মোকাবেলা করার জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। এখনো আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে আছে, এখনো তারা বসে বসে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কিছু নেতাকর্মীরাও পা দিয়ে দিচ্ছে। জাতীয়তাবাদী দলকে দুর্বল করার জন্য তারা গ্রুপিং সৃষ্টি করছে। কিন্তু আপনারা যদি বেগম জিয়া, তারেক রহমানকে ভালোবেসে থাকেন এবং জিয়া পরিবারকে বিশ্বাস করে থাকেন, তবে জিয়া পরিবার যেই সিদ্ধান্ত দেবে তা মেনে নিতে হবে।
তিনি আরও বলেন, ১৬ বছর ধরে জীবিত থাকার জন্য আওয়ামী লীগকে চাঁদা দিতে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ভাঙিয়ে এখনো আপনাদের চাঁদা দিয়ে যেতে হচ্ছে। কিন্তু তারেক রহমান সাহেবের ঘোষণা দলের নাম ভাঙিয়ে যারা এই ধরনের কাজ করবে, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি দুবার ভাবেন না। কেউ যদি চাঁদা দাবি করছে প্রমাণ পায়, তাকে সেই মুহূর্তেই বহিষ্কার করা হচ্ছে।
আয়নাঘরে থেকে সম্মানিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সকল মানুষের দল হচ্ছে বিএনপি। আমাকে যখন এই দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়, তখন আমি আয়নাঘরে ছিলাম। এই সম্মান আমাকে তারেক রহমান দিয়েছেন। এই দায়িত্ব সম্মানের সঙ্গে পালন করার চেষ্টা করছি। তাই গ্রুপিংয়ের রাজনীতি করে এই দলকে দুর্বল করবেন না। তাই দয়া করে এই গ্রুপিং করবেন না। এই দল বাংলাদেশের সব মানুষের দল।
বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী প্রসঙ্গে তিনি বলেন, ৭৯ সালের এক বক্তব্যে সালাউদ্দিন কাদের চৌধুরী বলে গিয়েছেন, তার জন্ম রাউজানে হলেও রাঙ্গুনিয়ায় যেন তার মাটি দেওয়া হয়। তিনি প্রমাণ করতে চেয়েছিল, রাঙ্গুনিয়ার সঙ্গে তার কী সম্পর্ক ছিল। তিনি রাঙ্গুনিয়ার আপামর জনসাধারণের নেতা ছিলেন, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ছিলেন। রাঙ্গুনিয়া থেকে তিনি মন্ত্রী ছিলেন। রাঙ্গুনিয়ার মানুষ তাকে আপন করেছিলেন এবং নিজেদের সন্তান মনে করতেন। আমার দুঃখের সময় আপনাদের সহায়তা চেয়ে কখনো নিরাশ হয়নি। এখনো আপনারা আমার পাশে আছেন। তাই রাঙ্গুনিয়ার মানুষকে কখনো পিঠ দেখাব না।

ডেস্ক রিপোর্ট 




















