চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার নিচের সড়কে ছিটকে পড়ে শফিক (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিমতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিক বন্দর কর্মী ও স্থানীয় বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলা প্রাইভেটকারটি নিমতলা মোড়ে পৌঁছালে এক্সপ্রেসওয়ের সীমানা রেলিং ভেঙে নিচে পড়ে যায়। ঠিক সেই সময় সাইকেলে করে নিচ দিয়ে যাচ্ছিলেন পথচারী শফিক। গাড়িটি তার ওপর এসে পড়লে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, গাড়িটিতে তিনজন পুরুষ ও একজন নারীসহ মোট চারজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই আহত হন এবং বর্তমানে আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান বলেন, এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে গাড়ির যাত্রী ও পথচারীসহ কয়েকজন গুরুতর আহত হন। নিহত শফিককে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু নিশ্চিত করা হয়। আহত অন্যদের চিকিৎসা চলছে।

ডেস্ক রিপোর্ট 
























