বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশে ইসলামের বিজয় হয় এবং আলেম সমাজ নিরাপদে থাকে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে জামিয়া ইসলামিয়া রানাভোলা ও মসজিদ খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর ২০২৪-২৫ ইংরেজি বার্ষিক সমাপনী ও বোর্ড পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামান অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে আলেম সমাজের ওপর অন্যায়-অত্যাচার, নির্যাতন-জুলুম চালিয়ে ইসলামকে ধ্বংসের অপচেষ্টা চালানো হয়। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকলে ইমাম ও আলেম সমাজকে সম্মান দেয়া হয়, তাদের সর্বোচ্চ মর্যাদায় রাখা হয়। বিএনপির কারণেই দেশব্যাপী মসজিদ-মাদ্রাসার বিস্তার ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বর্তমানে একটি পক্ষ মসজিদ-মাদ্রাসা দখলের চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী সংগঠন ওলামা লীগের ভেতরে যারা আলেমের বেশে জালেম হিসেবে কাজ করছেন তাদের এসব ভূমিকা থেকে সরে দাঁড়ানোরও অনুরোধ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী সৈয়দ আহমেদ। এ ছাড়া হাজী চান মিয়া বেপারী, ইঞ্জিনিয়ার জাফর ইউসুফ বুলবুল, মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা শহিদুল ইসলাম দা. বা., মুফতি আহমদ শফী দা. বা. প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জামিয়া ইসলামিয়া রানাভোলা মাদ্রাসার নারী শিক্ষার্থীরাও অংশ নেন এবং অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

