ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের মধুপুরে সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বললেন, জ্বালানি সংকটসহ বর্তমান বিভিন্ন সমস্যা সাময়িক। এগুলো সমাধানে সরকার কাজ করছে। দেশবাসীকে ধৈর্য ধরতে হবে। আমাদেরকে কিছুটা সময় দিতে হবে।
মন্ত্রী বলেন, দেশবাসীকে জানাতে চাই, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমরা সাত মাস ধরে সরকার পরিচালনা করছি। আমাদের একটু সময় দিন। সারা পৃথিবীতেই এখন নানা সমস্যা চলছে। আমরা সেগুলোর সমাধানের চেষ্টা করছি। এসব সমস্যা সাময়িক। সবকিছু ঠিক হয়ে যাবে।
তিনি বলেন, গ্যাস, তেল, এলএনজিসহ সব ধরনের জ্বালানি নিয়ে সারা পৃথিবীজুড়েই সমস্যা চলছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অশান্তি বিরাজ করছে। এসব সমস্যা সমাধানে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা ও যোগাযোগ করা হচ্ছে। আগে জ্বালানিতে প্রতি লিটারে ৯০ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে, এখন ৭০ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জনগণের কাছে আরও কিছুটা সময় চেয়ে মন্ত্রী বলেন, জ্বালানি সংকটসহ বর্তমান সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, পরিকল্পিত যেকোনো নৈরাজ্য প্রতিহত করতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, মহিলা দলসহ দলের সব পর্যায়ের নেতাকর্মীদের এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করে যেন সাধারণ মানুষের দুর্ভোগ না বাড়ে, সেদিকেও সবাইকে সতর্ক থাকতে হবে।

ডেস্ক রিপোর্ট 


















