বগুড়ার ধুনটে ফেসবুক স্টোরিতে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে সোহান খান (২২) নামে এক কলেজছাত্র বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহান ওই গ্রামের শফিকুল ইসলাম খানের ছেলে এবং বিশ্বহরিগাছা বহালগাছা বহুমুখী মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সোহান বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি নিজের ফেসবুক স্টোরিতে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে একটি পোস্ট দেন। এরপরই বাড়ির অদূরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। পরে বুধবার সকাল ৮টায় তাকে দাফন করা হয়েছে।

সোহানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে।