সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এ খাতে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৭৭ কোটি ১৫ লাখ টাকা। বন্যায় মারা গেছে ১ লাখ ৬১ হাজারের বেশি গবাদিপশু, হাঁস ও মুরগি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩৩ লাখের বেশি প্রাণী এবং প্রায় ১১ হাজার খামার।
চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, বিভাগের পাঁচ জেলার ৪৫টি উপজেলার ১৯১টি ইউনিয়নে এই ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম জেলায়, যেখানে লোকসানের পরিমাণ ৬০ কোটির বেশি টাকা। এছাড়া কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।
বন্যায় ১০ হাজার ৯৯১টি গবাদিপশু ও হাঁস-মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে শত শত টন পশুখাদ্য, খড় ও ঘাস, যা খামারিদের আর্থিক সংকট আরও বাড়িয়েছে। শুধু মৃত পশু ও হাঁস-মুরগির আর্থিক ক্ষতির পরিমাণই প্রায় ৫ কোটি টাকা।
এদিকে বন্যার পানিতে চারণভূমি তলিয়ে যাওয়ায় বিপুল সংখ্যক গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস ও মুরগি অসুস্থ হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত প্রাণীদের চিকিৎসা ও টিকাদান কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। হাজার হাজার পশু ও হাঁস-মুরগিকে চিকিৎসা এবং টিকা দেওয়া হয়েছে।
এ ছাড়া বন্যার পানিতে চট্টগ্রাম বিভাগের কয়েকটি প্রাণিসম্পদ কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক (ভেটেরিনারি পাবলিক হেলথ) ডা. মুহাম্মদ ইজমাল হাসান বলেন, মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী প্রাণিসম্পদ খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭৭ কোটি ১৫ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা এবং প্রাণিসম্পদ পুনর্বাসনে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















