বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে এনসিপিও একই রকম মিথ্যাচার শিখেছে। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
ফেসবুক পোস্টে তিনি জানান, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বিএনপি সরকারের ৬ মাসে ৫১২ জন গুম হয়েছে বলে দাবি করেছেন। এই দাবির সময় নাহিদ ইসলামসহ ১১–দলীয় জোটের শীর্ষ নেতারা পাশে দাঁড়িয়ে ছিলেন। এই জঘন্য মিথ্যাচারের বিষয়ে কেউ কোনো টুঁ–শব্দ করেনি। জামায়াতের নেতারা ঠিক এভাবেই আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য প্রচার করেন।
রাশেদ খান বলেন, জামায়াতের মতো একটি ইসলামিক দলের নেতারা যদি টুপি খুলে মিথ্যা বলে, সেটিও না হয় সহ্য করা যায়। কিন্তু কিভাবে তারা বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে? আর নতুন বন্দোবস্তের দল এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে ঠিক এ রকম মিথ্যাচার শিখেছে। আজ দুপুরে সরকারের ছয় মাস মূল্যায়নের সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এ প্রসঙ্গে রাশেদ বলেন, আজকে নাকি তারা (এনসিপি) সরকারের ১৮০ দিনের ব্যর্থতা সংবাদ সম্মেলন করে তুলে ধরবে। এনসিপি নেতাদের বক্তব্যও ঠিক হামিদুর রহমান আজাদের মতোই অপতথ্যে ভরপুর থাকে। এ জন্যই মানুষজন বলা শুরু করেছে, আত্মবিশ্বাসের সঙ্গে গুজব, মিথ্যা ও প্রোপাগান্ডা প্রচারে জামায়াত–এনসিপির ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। রাশেদ খান বলেন, এ জন্যই বলি, সরকারি দলের ১৮০ দিনের মূল্যায়ন যেমন দরকার। ঠিক বিরোধী দল ছয় মাসে কী কী গুজব, প্রোপাগান্ডা ও ঘৃণা ছড়িয়েছে, তারও মূল্যায়ন দরকার।

ডেস্ক রিপোর্ট 



















