বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব আবারও গ্রহণ করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। সংলাপ, সহনশীলতা, সংহতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শুক্রবার সাধারণ পরিষদের বৈঠকে সদস্য রাষ্ট্রগুলোর সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি গৃহীত হয়।
প্রস্তাবটি উপস্থাপন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বলেন, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে অব্যাহত সংলাপ, পারস্পরিক বোঝাপড়া, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং জাতিসংঘ সনদের নীতিমালার প্রতি দৃঢ় অঙ্গীকারের কোনো বিকল্প নেই।
একই সঙ্গে প্রস্তাবটির প্রতি ব্যাপক সমর্থনের জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বিভাজনের পরিবর্তে সংলাপ, সংঘাতের পরিবর্তে সহযোগিতা এবং অসহিষ্ণুতার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়াকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশের উদ্যোগে ১৯৯৯ সালে প্রথমবারের মতো ‘কালচার অব পিস’ বা ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক এ প্রস্তাব জাতিসংঘে গৃহীত হয়। গত প্রায় আড়াই দশক ধরে এটি সংঘাত প্রতিরোধ, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

ডেস্ক রিপোর্ট 

























