বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপিই একমাত্র রাজনৈতিক শক্তি যারা দেশের গণতন্ত্রকে লালন করে এবং মানুষের অধিকার রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সে কারণেই বাংলাদেশের মানুষের কাছে বিএনপি এখনো সর্বাধিক জনপ্রিয় দল।
শনিবার (২৫ অক্টোবর) টাঙ্গাইল ক্লাবে শহরস্থ সাবেক বিএনপি নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণ। চায়ের দোকান থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে যারা দলের হয়ে কাজ করেন, জনগণ তাদের মাধ্যমেই বিএনপিকে চেনে ও ভালোবাসে। দলের স্বার্থে যারা সারাজীবন নিবেদিত থেকেছেন, তাদের প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা অটুট।
টুকু বলেন, বাংলাদেশের জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট সরকার ছয় বছরেরও বেশি সময় অবৈধভাবে কারাবন্দি রেখে নির্যাতন করেছে। তবুও তিনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি, দেশ ছেড়ে যাননি।
তিনি আরও বলেন, “সোনা আগুনে পুড়ে যেমন খাটি হয়, তেমনি বিএনপির নেতা-কর্মীরাও নির্যাতন সহ্য করে ইস্পাতের মতো শক্ত হয়েছেন। তিনশ’র বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন আন্দোলনে, তবুও বিএনপির জনপ্রিয়তা কমেনি।”
টুকুর দাবি, বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যারা বিএনপিকে পরাজিত করতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান—কখনো দেশের জনগণের বিপক্ষে যাননি এবং ভবিষ্যতেও যাবেন না।

ডেস্ক রিপোর্ট 

























