দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে আটটিতে মেয়র পদে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২২ জুন) দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত তালিকা দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিশে শুরার অনুমোদনের পর ঘোষণা করা হবে বলে জানা গেছে।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন জামায়াতের মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মো. আবু সাদিককে (সাদিক কায়েম)।
এছাড়া অন্যান্য সিটিতে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন—চট্টগ্রাম সিটিতে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক হাফিজুর রহমান, বরিশালে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুরে মহানগর আমির এ টি এম আজম খান, খুলনায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জে মহানগর আমির মোহাম্মদ আবদুল জব্বার।
অন্যদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এসব ক্ষেত্রে একাধিক নাম আলোচনায় রয়েছে এবং পর্যবেক্ষণের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, নির্বাহী পরিষদের বৈঠকে প্রাথমিকভাবে প্রার্থীদের বিষয়ে আলোচনা হয়েছে। চূড়ান্ত অনুমোদন দেবে মজলিশে শুরা, এবং পরবর্তী বৈঠকের পর আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে।

ডেস্ক রিপোর্ট 
























