অপরাধ যেখানে ঘটছে, সেখানেই অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন ও সদস্যদের মনোবল বাড়াতে সরকার কাজ করছে। সরকার গঠনের পর এমন কোনো ঘটনা নেই, যেখানে অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। মনোবল ফিরে পাওয়ায় বাহিনীগুলো কার্যকরভাবে দায়িত্ব পালন করছে বলেও দাবি করেন তিনি।
রংপুরে একই পরিবারের চারজন হত্যার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই ঘটনায় যৌক্তিক সময়ের মধ্যেই অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। শিশু রামিসার ঘটনাসহ বিভিন্ন অপরাধের ক্ষেত্রেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীকেও আইনি কাঠামোর আওতায় আনার কাজ চলছে। তবে রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। ধীরে ধীরে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মন্ত্রী বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর নীতি ও আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই সরকারের লক্ষ্য। সাম্য ও ন্যায়বিচারের পথে তাঁর আদর্শ অনুসরণ করা হলে দেশে অশান্তি ও বিশৃঙ্খলা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

ডেস্ক রিপোর্ট 




















