বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষর করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
বলা হয়, উড়িষ্যা-অন্ধ্র উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি সকাল ৬টার দিকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বাড়ায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
ফলে উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সতর্কভাবে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী আজ সন্ধ্যা পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
সংস্থাটি জানিয়েছে, বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা আগামী এক সপ্তাহ দেশের সব বিভাগেই অব্যাহত থাকতে পারে।

