কক্সবাজারের উখিয়ায় প্রচারণাকালে বিএনপির স্থানীয় এক নেতার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলের ভেতরে-বাইরে সমালোচনার ঝড় উঠেছে। হলদিয়াপালং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগের সময় বিএনপি নেতা জামাল মাহমুদ চৌধুরী বলেন, “বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন— সবাই ভাই ভাই। আমরা সবাই ভাই ভাই, শাহজাহান চৌধুরীর পক্ষে ভোট চাই।”
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচকরা অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য বিএনপির রাজনৈতিক অবস্থান ও নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং এটি আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগকে আরও জোরালো করবে।
তবে জামাল মাহমুদ দাবি করেছেন, তার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে। অন্যদিকে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ছোট ভাই সরওয়ার জাহান চৌধুরী জানিয়েছেন, কেন এমন বক্তব্য দেওয়া হয়েছে তা জানতে সংশ্লিষ্ট নেতাকে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে।

