সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেওয়া হয়েছে।’ কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মাহজাবিন মিমি বলেন, সম্ভবত বুধবার ঘটেছে। তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।
অন্যদিকে বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি।
২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ এবং ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন তিনি। একই বছরের ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি; প্রক্রিয়াগত কারণে তা গ্রহণ না হওয়ায় পুনরায় পদত্যাগপত্র জমা দিলে ৭ জুলাই তা গৃহীত হয়।
পরে তিনি অভিযোগ করেন, তার পথে ‘নানা রকম বাধা সৃষ্টি’ করা হচ্ছে এবং তার ‘নির্দেশনা অমান্য’ করা হচ্ছে। এসব কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত। এরপর তিনি আর রাজনীতিতে সক্রিয় হননি।

