মানিকগঞ্জে এক গণসমাবেশে ক্ষমতাসীনদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বক্তব্য দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জেলার বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত জুলাই গণসমাবেশে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দায় ও দরদের রাজনীতির পরিবর্তে অতীতের দ্বন্দ্ব ও বিভাজনের রাজনীতি আর হাসিনার দিল্লি ও চোরদের সর্দার এস আলমের টাকায় নতুন কোনো ষড়যন্ত্র বাংলাদেশে হতে দেওয়া যাবে না।”
ফুয়াদ অভিযোগ করেন, এস আলমের টাকায় ব্যবসা করা অনেক রাজনৈতিক দল এখন দিল্লির হাসিনাকে ফিরিয়ে আনার রাজনীতি করছে। নির্বাচন পিছিয়ে বাংলাদেশকে আবার ‘লেন্দুপ দর্জির হাতে’ তুলে দিতে চাইলে সেই চক্রান্ত “ডাইনোসরের মতো মুছে যাবে” বলেও তিনি হুঁশিয়ারি দেন।
মানিকগঞ্জের উন্নয়ন ঘাটতির প্রসঙ্গ টেনে এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতার পর থেকে মানিকগঞ্জ থেকে বিভিন্ন সময়ে মন্ত্রী হলেও বাস্তবে কোনো উন্নয়ন হয়নি। নতুন দল হিসেবে এবি পার্টি জনগণের সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি করবে, যেখানে সেবার নামে ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না।
তিনি আরও বলেন, স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়তে এবি পার্টি রাজনৈতিক প্রতিযোগিতা করবে কিন্তু নোংরা ভাষা বা সহিংস রাজনীতি করবে না।
গণসমাবেশে এবি পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছায়া কমিটি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান এবং জেলার এবি পার্টির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

