ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলে ইহকাল ও পরকালে সাফল্য অর্জন সম্ভব। তিনি বলেন, ইবাদত কবুলের প্রধান শর্ত হলো হালাল পথে উপার্জন। হারাম পথে অর্জিত ধন-সম্পদে লালিত শরীর বেহেশতে প্রবেশ করতে পারবে না।

রোববার বিকেলে রাজধানীর গুলশানে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপ-কমিটি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, পাপ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই পাপ হলে অবশ্যই তওবা করতে হবে এবং পাপের পথ থেকে ফিরে আসতে হবে। পদস্খলন ঘটলেই তওবা করা জরুরি। তিনি সবাইকে সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপনের আহ্বান জানান।

হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে তিনি আরো বলেন, হারাম সম্পদে অর্জিত উপার্জনে কোনো ইবাদতই কবুল হবে না — নামাজ, রোজা, হজ, জাকাত কিছুই নয়। তিনি সতর্ক করে বলেন, দুর্নীতির মাধ্যমে কেউ হয়তো দুদকের হাত থেকে বাঁচতে পারে; কিন্তু আল্লাহর জবাবদিহি থেকে কেউই রেহাই পাবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির সভাপতি মেজর (অব.) এ মতিন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সোসাইটির সহসভাপতি লুৎফুল কবির সাদী।