ভালোভাবে বাঁচার আশায় ছোট পুকুরে শিং মাছ চাষ করছিলেন নান্দাইলের গাঙ্গাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের দরিদ্র আবুল কালাম। কিন্তু শত্রুতার বিষে তাঁর সেই স্বপ্ন মুহূর্তেই ভেঙে গেছে। গত শুক্রবার রাতে একদল দুষ্কৃতকারী তাঁর পুকুরে বিষ ঢেলে দিলে সব মাছ মরে ভেসে ওঠে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে তাঁর।

শুধু বাড়িভিটা ছাড়া আবুল কালামের আর কোনো জমিজমা নেই। ২২ শতকের এই পুকুরটিই ছিল তাঁর ভরসা। ছয় মাস আগে তিনি তিন লাখ টাকার শিং মাছের পোনা ছাড়েন। হাতে টাকা না থাকায় স্থানীয় খাদ্য বিক্রেতা মতিউর রহমান মতির কাছ থেকে বাকিতে ১৩ লাখ টাকার খাদ্য নিয়ে বড় করে তুলছিলেন মাছগুলো। বিক্রির মোক্ষম সময়ের অপেক্ষায় ছিলেন তিনি। ঠিক তখনই ঘটে এই নাশকতা।

শনিবার দুপুরে ঘটনাস্থলে দেখা যায়, পুকুর পাড়ে মানুষের ভিড়। পাড়া-প্রতিবেশীরা যে যেভাবে পারছেন, মৃত মাছ উঠিয়ে বিভিন্ন পাত্রে রাখছেন। পুকুরপাড়ে বসে কান্নায় ভেঙে পড়েন আবুল কালাম। তাঁর সব পরিশ্রম, ঘাম আর স্বপ্ন রয়ে গেল পুকুরে ভেসে উঠা নিথর মাছের মতো।

আবুল কালাম অভিযোগ করেন, এলাকার সোহাগ এবং তার শ্যালনের সঙ্গে তাঁর শত্রুতা রয়েছে। তারাই এই ঘটনা ঘটিয়েছে বলে তাঁর সন্দেহ। তবে অভিযোগ প্রসঙ্গে জানতে তাদের বাড়িতে গেলে কেউ পাওয়া যায়নি। তাদের মা জাহানারা বেগম বলেন, সন্দেহের বশে ছেলেদের নামে অভিযোগ করা ঠিক নয়।

নিজের স্বপ্ন ধ্বংস হয়ে যেতে দেখে আবুল কালামের এখন একটাই প্রশ্ন—এ ক্ষতি তিনি কীভাবে কাটিয়ে উঠবেন?